মো আরিফ ইসলাম
জানুয়ারি ১১, ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ যৌথ মহড়া ও টহল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বীরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এই মহড়া পরিচালিত হয়।
সন্ধ্যা ৭টায় বীরগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে পুলিশের একটি সুসজ্জিত গাড়িবহর সাইরেন বাজিয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শুরু করে।
মহড়াটি শহরের প্রধান প্রধান সড়ক, বাজার এলাকা ও জনবহুল পয়েন্টগুলোতে দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছে দেয়।
এই সচেতনতামূলক মহড়ায় নেতৃত্ব দেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। তাঁদের নেতৃত্বে থানা পুলিশের একাধিক চৌকস টিম সমন্বিতভাবে পুরো পৌরশহরে টহল পরিচালনা করে।মহড়া শেষে কর্মকর্তারা জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা রোধে পুলিশ তৎপর রয়েছে।
অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের প্রতি কঠোর সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে নির্ভয়ে চলাচল ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের এই দৃশ্যমান মহড়া স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।