বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে বাঁশের কাজে কদর কমেছে, হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য

মো. আরিফ ইসলাম

জানুয়ারি ১৮, ২০২৬, ০৪:৫৩ পিএম

বীরগঞ্জে বাঁশের কাজে কদর কমেছে, হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য

ছবি-দিনাজপুর টিভি

আধুনিকতার ছোঁয়ায় এবং প্লাস্টিক ও লোহাজাত পণ্যের সহজলভ্যতায় দিনাজপুরের বীরগঞ্জে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী বাঁশশিল্প। একসময় গ্রামীণ জনপদে বাঁশের তৈরি পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে কারিগররা অর্থাভাবে এই পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, একসময় বীরগঞ্জের কয়েক শ’ পরিবার ঝুড়ি, চালুনি, কুলা, মোড়া ও মাছ ধরার ফাঁদ তৈরি করে জীবিকা নির্বাহ করত। বর্তমানে সেই সংখ্যা হাতেগোনা কয়েকটিতে নেমে এসেছে। প্লাস্টিক পণ্য টেকসই ও দামে সস্তা হওয়ায় মানুষ এখন আর বাঁশের তৈরি জিনিসের দিকে ঝুঁকছে না।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে বীরগঞ্জ পৌর এলাকার বাঁশশিল্পী মো. কালাম হোসেন জানান, "আগে দম ফেলার সময় পেতাম না, এখন মাসেও তেমন অর্ডার মেলে না। বাঁশের দামও অনেক বেড়ে গেছে। নতুন প্রজন্ম আর এই কষ্টে ভরা পেশায় আসতে চাইছে না।"

পৌর হাটখোলার কুটির শিল্প ব্যবসায়ী মো. শামসুল হক জানান, জনসংখ্যা বাড়লেও বাঁশের সামগ্রীর ক্রেতা দিন দিন কমছে। প্রযুক্তি ও সময়ের পরিবর্তনের সাথে ম্লান হয়ে যাচ্ছে বীরগঞ্জের ঐতিহ্যবাহী বাঁশশিল্পের গৌরবময় অধ্যায়। কারিগরদের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা ও ঋণ সহায়তা না পেলে অচিরেই এই শিল্পটি জাদুঘরে স্থান পাবে।