এনামুল মবিন(সবুজ)
জানুয়ারি ২২, ২০২৬, ০৬:০৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের চিরিরবন্দরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চিরিরবন্দর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (কনফারেন্স হলরুম) এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধে করণীয় এবং এ ক্ষেত্রে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা কী হতে পারে, তা নিয়ে মতবিনিময় হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাতেহা তুজ জোহরা বলেন, নির্বাচন ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে সহায়ক হবে।
তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সংবাদ প্রচার এবং তথ্যভিত্তিক সহযোগিতা দিয়ে প্রশাসনের পাশে থাকার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি চিরিরবন্দর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।