মো আরিফ ইসলাম
জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নির্বাচনী মাঠের শক্ত অবস্থানের জানান দিতে ১১নং মরিচা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বারআউলিয়া বাজারে এই নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।
মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফসিউর রহমান চৌধুরী নবাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, "জনগণের হারানো ভোটাধিকার পুনরুদ্ধার এবং দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছে। একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ছাড়া দেশের প্রকৃত ও টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়।
তিনি এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।বক্তব্যে তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাধারণ ভোটারদের কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।