মো আরিফ ইসলাম
ফেব্রুয়ারি ২, ২০২৬, ১১:৩৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী খেলার মাঠে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. মনজুরুল ইসলাম মঞ্জু।বক্তব্যে মনজুরুল ইসলাম মঞ্জু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, "জনগণের হারানো ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।
দেশের সমৃদ্ধি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই।" তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মুহা. মাকবুলুর রহমান মানিকের সভাপতিত্বে এবং মো. শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন। জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।