এনামুল মবিন(সবুজ)
ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০২:৪৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দ্রুতগামী বাসের চাপায় ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১২নং আলোকডিহি ইউনিয়নের ঘাটের পাড় এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুর নাম বাঁধন চন্দ্র রায়। সে আলোকডিহি গ্রামের মালিপাড়ার সুশান্ত চন্দ্র রায়ের ছেলে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
দশমাইল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খেলার ছলে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দশমাইল এলাকায় মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ জনতার দাবি, এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে, তাই অবিলম্বে এখানে গতিরোধক বা স্পিডব্রেকার স্থাপন করতে হবে। অবরোধের ফলে মহাসড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।