ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:২২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)। বৃহস্পতিবার রাতে ১১৬টি কেন্দ্রের সবকটির প্রাপ্ত ফলাফল সমন্বয় শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সাদিক রিয়াজ চৌধুরী তার `ধানের শীষ` প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ২২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম আফজালুল আনাম `দাঁড়িপাল্লা` প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪২ ভোট।
অর্থাৎ ৩৭ হাজার ১৮৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির এই তরুণ প্রার্থী। বিরল ও বোচাগঞ্জ উপজেলার ভোটাররা সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিশেষ করে বন্ধ হয়ে থাকা সেতাবগঞ্জ চিনিকল এবং বিরল স্থলবন্দর সচল করার যে প্রতিশ্রুতি সাদিক রিয়াজ দিয়েছিলেন, তাতে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া মিলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।সকাল থেকে কড়া নিরাপত্তা ও সেনাবাহিনীর টহলে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর বিকেলে শুরু হয় গণনা। অর্ধেকের বেশি কেন্দ্রে ধানের শীষের একচেটিয়া আধিপত্যের খবর আসার পরপরই বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা।
নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত গণভোটের ফলাফলেও এই আসনে `হ্যাঁ` ভোটের জোয়ার দেখা গেছে। বেসরকারি ফলাফল ঘোষণার পর সাদিক রিয়াজ চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, "এই বিজয় জনগণের। আমরা একটি বৈষম্যহীন ও নিরাপদ দিনাজপুর গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।" প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে, চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য সব তথ্য ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন