ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:০৭ পিএম
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবোজ্জ্বল বিজয়ে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মহিদুল ইসলাম স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই বিজয় দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অনন্য মাইলফলক। জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপির এই জয় গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক অধিকার রক্ষা এবং জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার প্রতি ব্যাপক জনসমর্থনের বহিঃপ্রকাশ।
তারা উল্লেখ করেন, এ বিজয় কেবল একটি রাজনৈতিক দলের সাফল্য নয়, বরং এটি শিক্ষা, স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার নতুন এক দিগন্ত উন্মোচন করেছে।পরিষদ আশা প্রকাশ করে যে, নতুন সরকার শিক্ষাবান্ধব নীতি প্রণয়ন, শিক্ষকদের মর্যাদা নিশ্চিতকরণ এবং একটি মেধাভিত্তিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং গবেষণা ও উদ্ভাবনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বৃদ্ধির বিষয়ে সরকারের দূরদর্শী পদক্ষেপের প্রত্যাশা করেন তারা।জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ আরও জানায়, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারে তারা আগামী দিনেও বিএনপির গণতান্ত্রিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশে থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন