ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৮:৪৯ পিএম
দিনাজপুরের বিরল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নন-জুডিশিয়াল ও জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি রোধ, মানব পাচার, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা টাস্কফোর্স কমিটির সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রফিকুল ইসলাম এবং বিরল থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে বাজার মনিটরিং এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেন। এছাড়া স্ট্যাম্প জালিয়াতি ও জবরদখল রোধে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক অপরাধ নির্মূল এবং বাজার স্থিতিশীল রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন