ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৭:২২ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম বলেন, একটি সৎ, স্বচ্ছ, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে প্রশাসনকে সর্বোচ্চ সোচ্চার থাকতে হবে।
সরকারি কোনো দপ্তরে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করা প্রতিটি কর্মকর্তার দায়িত্ব। তিনি আরও বলেন, পুরনো ধ্যান-ধারণায় নয়, বরং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। কাহারোল উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি প্রশাসনিক সংহতির ওপর গুরুত্বারোপ করেন।
এমপি মনজুরুল ইসলাম উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ প্রয়োজন ও চাহিদাসমূহ লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানান। তিনি আশ্বস্ত করেন যে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস এবং কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সরফরাজ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহম্মেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সভায় কর্মকর্তাদের পক্ষ থেকে উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি তুলে ধরা হয় এবং সংসদ সদস্যের দিকনির্দেশনা পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন