রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:৩৪ পিএম

প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ

ঋণ মওকুফের ঘোষণা

সরকার প্রান্তিক কৃষকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দিনাজপুর জেলার সকল সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। 

মন্ত্রী জানান, এই সিদ্ধান্তের ফলে দেশে মোট প্রায় সাড়ে ১৪শ’ কোটি টাকার ঋণ মওকুফ হবে এবং এর সুফল পাবেন প্রায় ১২ লাখ প্রান্তিক কৃষক। কৃষকদের অর্থনৈতিক চাপ কমাতে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এই পদক্ষেপ বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, দেশের ১৪টি নির্দিষ্ট এলাকায় শীঘ্রই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করা হবে। আগামী ১০ মার্চ এই কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় আসবেন। 

তবে এই প্রকল্পের একটি বিশেষ দিক হলো, প্রতিটি কার্ড পরিবারের মহিলা প্রধানের নামে ইস্যু করা হবে। এই কার্ডের মাধ্যমে একটি তালিকাভুক্ত পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার বিভিন্ন সুযোগ-সুবিধা ও আর্থিক সহায়তা লাভ করবে, যা তৃণমূল পর্যায়ে জীবনমান উন্নয়নে সহায়ক হবে।মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি খেলাধুলার সুযোগ ও মান বৃদ্ধি করতে হবে। 

শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন সমন্বিতভাবে এগিয়ে নিতে পারলে সমাজকে একটি সুন্দর ও সুস্থ পথে পরিচালিত করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন। মাদকবিরোধী লড়াইয়ে তিনি অভিভাবক ও শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান জানান।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, 

দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-৫ (ফুলবাড়ী ও পার্বতীপুর) আসনের সংসদ সদস্য এ জে এম রেজওয়ানুল হক। মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।