রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সামনে তেলের দাম ও জিনিসের দাম বাড়বে: মির্জা ফখরুল

রবিউল এহ্সান রিপন

মার্চ ২৩, ২০২৬, ০১:৩০ পিএম

সামনে তেলের দাম ও জিনিসের দাম বাড়বে: মির্জা ফখরুল

ছবি-দিনাজপুর টিভি

দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে জনসাধারণের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেছেন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুন:খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে আমাদের সামনে খুব একটা ভালো সময় নেই, বরং কঠিন সময় আসছে। চলমান যুদ্ধ আমাদের অর্থনীতির ব্যাপক ক্ষতি করছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমেছে, যার ফলে সামনে তেলের দাম এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রতিকূল পরিস্থিতি ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

ধর্মীয় অনুভূতির অপব্যবহারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, কোনো কোনো রাজনৈতিক নেতা মানুষকে বেহেশতে নেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অনুচিত। দেশের ৯০ শতাংশ মানুষ ধার্মিক এবং তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করেন না। তিনি আরও বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব নয়। এর জন্য সৎ জীবনযাপন ও হালাল উপার্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। খাল খননের কাজেও সততা বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী।

তেল সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে এই অজুহাতে পাম্প ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই সমীচীন নয়। মব বা উচ্ছৃঙ্খল জনতাকে কঠোর হস্তে দমন করা হবে। গায়ের জোরে আইনের বাইরে কাউকে কোনো কাজ করতে দেওয়া হবে না।

ছবি-দিনাজপুর টিভি

কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গম ও আলু চাষিদের যে ক্ষতি হয়েছে, সরকার তা গভীরভাবে অনুধাবন করছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কয়েক কোটি নারীকে সহায়তার আওতায় আনা হচ্ছে। এছাড়া সারা দেশে ২০ হাজার খাল খননের মহাপরিকল্পনা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।