বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিরলে দুই কৃষকের ভুট্টাক্ষেত বিষ প্রয়োগে নষ্টের অভিযোগ

আতিউর রহমান

মার্চ ১, ২০২৬, ০৯:৫৩ পিএম

বিরলে দুই কৃষকের ভুট্টাক্ষেত বিষ প্রয়োগে নষ্টের অভিযোগ

বিষ প্রয়োগে নষ্ট হওয়া ভুট্টাক্ষেত।ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরলে পূর্ব শত্রুতার জেরে দুই কৃষকের ভুট্টাক্ষেতে আগাছানাশক বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও গ্রামে পৃথক এই ঘটনা দুটি ঘটে।

ভুক্তভোগী মো. শহিদুল ইসলাম অভিযোগে জানান, একই ইউনিয়নের ইদ্রিস আলী ও তার ছেলে মোকারম হোসেনের সাথে তার আদালতে মামলা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে নিজের ভুট্টাক্ষেতে গিয়ে তিনি দেখেন, কে বা কারা পূর্ব শত্রুতার জেরে আগাছানাশক বিষ স্প্রে করে খেত নষ্ট করে দিয়েছে। 

এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। জমির বিরোধের জেরে প্রতিপক্ষরাই এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি সন্দেহ করছেন।অন্যদিকে, একই গ্রামের মাহফুজ আলম নামে আরেক কৃষকের প্রায় এক একর জমির ভুট্টাক্ষেত একইভাবে নষ্ট করা হয়েছে। 

এতে তার প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তিনিও একই প্রতিপক্ষের বিরুদ্ধে শত্রুতার অভিযোগ তুলেছেন এবং ঘটনার তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। শত্রুতার জেরে কৃষকের কষ্টার্জিত ফসল এভাবে নষ্ট করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।