রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ভোক্তা অধিকার অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

মো: মামুনুর রশিদ

মার্চ ১, ২০২৬, ১১:২৪ পিএম

দিনাজপুরে ভোক্তা অধিকার অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান।ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সর্বমোট ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। রোববার (১ মার্চ) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে শহরের বাহাদুর বাজার ও স্টেশন রোড এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দণ্ডিত করা হয়। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে রোলেক্স বেকারিকে ১০ হাজার টাকা এবং মিলেনিয়াম সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় প্রতিষ্ঠানের মালিকদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।একই অভিযানে ট্রাফিক আইন ও দণ্ডবিধির বিধান অমান্য করার অভিযোগে আরও তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে জুয়েল রানা নামের এক পথচারীকে ২ হাজার টাকা এবং মাসুদ করিম নামে অপর একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দণ্ডবিধির ২৯০ ধারা ভঙ্গের দায়ে সুজন ইসলাম নামে এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানার সমুদয় অর্থ ভ্রাম্যমাণ আদালত চলাকালেই তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযানে জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ার হোসেন।

 

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিমসহ জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেট, ডিবি পুলিশ ও কোতয়ালি থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন জানান, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।