মার্চ ৬, ২০২৬, ১০:০৩ পিএম
দিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে তরুণ উদ্যোক্তাদের সংগঠন ‘ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার’। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনটির পক্ষ থেকে অর্ধশতাধিক দুস্থ, অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে মাসব্যাপী প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দক্ষিণ সুজাপুর এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয় থেকে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক কংকনা রায়, সহ-সভাপতি মর্তুজান নাহার মিতু, সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইতি এবং কোষাধ্যক্ষ আইরিন আক্তার হিরা।
এ সময় সংগঠনের সদস্য মাবরুহা তানজিম, মাসরুফা ও নাজমুন নাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল আতপ চাল, ছোলা, বেসন, মসুর ও কলাই ডাল, মুড়ি, ট্যাং এবং চিনি।
পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরির কথা মাথায় রেখে এই খাদ্য তালিকা সাজানো হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।সহায়তা গ্রহণকারী কয়েকজন ব্যক্তি জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় এবং আয়ের সংকটে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। এমন সময়ে তরুণ উদ্যোক্তাদের এই খাদ্য সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সহায়তার জন্য তারা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনটির সভাপতি কংকনা রায় সংবাদ সম্মেলনে বলেন, রমজান মাস আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের প্রতি আমাদের সবার দায়বদ্ধতা রয়েছে। সেই মানসিকতা থেকেই এই ক্ষুদ্র প্রচেষ্টার আয়োজন করা হয়েছে। সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইতি জানান, ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার স্থানীয় তরুণ উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরির পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতেও জনহিতকর ও মানবিক কার্যক্রমের এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন