বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে অকটেন সংকট ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

মো: মামুনুর রশিদ

মার্চ ৭, ২০২৬, ০৩:৫৫ পিএম

দিনাজপুরে অকটেন সংকট ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

পাম্পে গ্রাহকদের ভিড় :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে হঠাৎ জ্বালানি তেলের জন্য গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন। তবে পেট্রোল ও ডিজেল তুলনামূলক সহজলভ্য হলেও জেলার অধিকাংশ পাম্পে অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। 

গত কয়েকদিন ধরে অনেক পাম্পে অকটেন সরবরাহ বন্ধ থাকায় সাধারণ যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।দিনাজপুর শহর ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই পাম্পগুলোতে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসের দীর্ঘ সারি তৈরি হয়েছে। 

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে অকটেন না পেয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন। অনেক চালক নিরুপায় হয়ে গাড়ির ইঞ্জিনের ক্ষতির ঝুঁকি থাকা সত্ত্বেও অকটেনের পরিবর্তে পেট্রোল সংগ্রহ করছেন। 

গ্রাহকদের অভিযোগ, এক পাম্পে অকটেন না পেয়ে অন্য পাম্পে গিয়েও একই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এতে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে, অন্যদিকে জরুরি যাতায়াতেও ব্যাঘাত ঘটছে।ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, ডিপো থেকে তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় সাময়িকভাবে এই সংকট তৈরি হয়েছে। পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় তারা চাহিদামতো গ্রাহকদের তেল দিতে পারছেন না। 

তবে তারা আশা করছেন, সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে এই ভোগান্তি দূর হবে। এদিকে হুট করে তৈরি হওয়া এই সংকটে সাধারণ চালকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এবং বাজার তদারকি বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন দিনাজপুরের ভুক্তভোগী সাধারণ মানুষ।