মার্চ ৮, ২০২৬, ০৯:০৬ পিএম
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলার প্রতিটি হাট-বাজার ও বিপণিবিতানগুলোতে ঈদের কেনাকাটা পুরোদমে জমে উঠেছে। প্রতি বছরের মতো এবারও পরিবারের ছোট-বড় সবার জন্য নতুন পোশাক কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ। তবে গত বছরের তুলনায় এ বছর পোশাকের দাম অনেকটাই চড়া হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ তাদের পছন্দের পোশাক কিনতে গিয়ে বাজেটের সঙ্গে হিমশিম খাচ্ছেন।কাহারোল বাজার ঘুরে দেখা গেছে, ছোট-বড় সব দোকানেই এখন উপচে পড়া ভিড়। পোশাক ব্যবসায়ীরা গত বছরের লোকসান এবার পুষিয়ে নিতে বড় ধরনের বিনিয়োগ করেছেন।
ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানের সামনে সাজিয়ে রাখা হয়েছে নতুন ডিজাইনের সব বাহারি পোশাক। ব্যবসায়ীরা জানান, পুরুষ ক্রেতাদের তুলনায় এবার বাজারগুলোতে নারী ও শিশুদের সমাগম অনেক বেশি।
পোশাকের পাশাপাশি তরুণী ও নারীরা ভিড় করছেন কসমেটিকস ও প্রসাধনীর দোকানগুলোতে। নতুন জামার সঙ্গে মিলিয়ে ম্যাচিং করে চুড়ি, মালা ও অন্যান্য সাজসজ্জার উপকরণ কিনতে দেখা যাচ্ছে তাদের।অন্যদিকে তৈরি পোশাকের পাশাপাশি থান কাপড়ের কদরও বেড়েছে। নিজের পছন্দমতো ডিজাইনের পোশাক তৈরি করতে অনেকেই ভিড় করছেন কাপড়ের দোকানে। ফলে কাহারোল উপজেলার দর্জি পাড়াগুলোতে কারিগরদের যেন দম ফেলার সময় নেই।
দিন-রাত অবিরাম চলছে সেলাই মেশিনের শব্দ। দর্জিরা জানান, রমজানের শুরু থেকেই কাজের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের পোশাক সরবরাহ নিশ্চিত করতে তারা অতিরিক্ত সময় কাজ করছেন। বাজারগুলোতে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের নজরদারিও পরিলক্ষিত হচ্ছে। সব মিলিয়ে ঈদকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতেছে কাহারোল উপজেলা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন