বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে নারীর নেতৃত্বে ‘সমান আওয়াজ’ প্রকল্পের সভা

অলিউর রহমান মিরাজ

মার্চ ১০, ২০২৬, ০২:৪৫ পিএম

নবাবগঞ্জে নারীর নেতৃত্বে ‘সমান আওয়াজ’ প্রকল্পের সভা

নবাবগঞ্জে প্রকল্পের অবহিতকরণ সভা :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নারীর নেতৃত্ব বিকাশ ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন জোরদারের লক্ষ্যে “সমান আওয়াজ (Samaan Aawaaj) – Equal Voice” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 

প্রকল্পটি স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এই “সমান আওয়াজ” প্রকল্পের বাস্তবায়ন করছে। 

প্রকল্পটিতে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে কোডি ইনস্টিটিউট অব সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। সিসিডিবি সূত্রে জানা গেছে, তিন বছর মেয়াদী এই প্রকল্পের মোট বরাদ্দ প্রায় ১০ লাখ মার্কিন ডলার। দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও ফুলবাড়ী—এই দুই উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।

 এর মাধ্যমে ৯৫০ জন উপকারভোগী সরাসরি সুবিধা পাবেন এবং পরোক্ষভাবে সুফল ভোগ করবে স্থানীয় সুশীল সমাজ ও সরকারি প্রতিষ্ঠানগুলো।সমান আওয়াজ প্রকল্পের সমন্বয়কারী মারিয়া সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিসিডিবির প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন। 

সভায় আমন্ত্রিত অতিথিরা বলেন, এই প্রকল্প নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে নারীদের সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মোশাররত জাহান। এ সময় নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমানসহ বিভিন্ন জনপ্রতিনিধি, নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, “সমান আওয়াজ” প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নারীদের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে এবং এলাকার টেকসই উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।