বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা

মোঃ আরিফ ইসলাম

মার্চ ১০, ২০২৬, ০৪:২৬ পিএম

বীরগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা

বীরগঞ্জে দুর্যোগ মহড়া :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে "দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

দিবসটি উপলক্ষে দুর্যোগকালীন জীবন ও সম্পদ রক্ষার কলাকৌশল প্রদর্শনের জন্য এক বিশেষ মহড়ার আয়োজন করা হয়।বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তাদের নেতৃত্বে এই মহড়া পরিচালিত হয়। 

এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করেন। মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগের সময় কীভাবে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যায় এবং আক্রান্তদের উদ্ধার করতে হয়, তা হাতে-কলমে প্রদর্শন করা হয়। বিশেষ করে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার ও জীবন রক্ষার কৌশলগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।

মহড়া পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন। তিনি তার বক্তব্যে বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ থেকে জানমাল রক্ষা করতে হলে আমাদের পূর্বপ্রস্তুতি ও বাস্তব অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী ও নাগরিককে দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলার প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে। তিনি স্কুল-কলেজ পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব সরকারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দীন মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাদ আলী মন্ডল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ। অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ উপজেলা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।