রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জ্বালানি তেলের মজুতদারদের হুঁশিয়ারি বীরগঞ্জ প্রশাসনের

মোঃ আরিফ ইসলাম

মার্চ ১২, ২০২৬, ০৭:০২ পিএম

জ্বালানি তেলের মজুতদারদের হুঁশিয়ারি বীরগঞ্জ প্রশাসনের

তেলের পাম্পে প্রশাসনের তদারকি :ছবি-দিনাজপুর টিভি

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সম্ভাব্য সংকট বা দাম বাড়ার আশঙ্কায় দেশজুড়ে পাম্পগুলোতে সাধারণ গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এমন পরিস্থিতিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ তদারকি শুরু করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা তেলের দোকানে গিয়ে মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলেন এবং মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। অভিযান চলাকালে কর্মকর্তারা বিভিন্ন পাম্পের জ্বালানি তেলের মজুত ও প্রতিদিনের বিক্রয় কার্যক্রমের খতিয়ান পরীক্ষা করেন। 

এ সময় তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং কোনো অবস্থাতেই পাম্প বন্ধ না রাখতে ব্যবসায়ীদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, যুদ্ধের অজুহাতে বা কোনো গুজবের ওপর ভিত্তি করে যদি কেউ তেলের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করে অথবা সিন্ডিকেটের মাধ্যমে মজুতদারি করে, তবে তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। 

তিনি আরও জানান যে, বাজারে স্বাভাবিকভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের এই ঝটিকা অভিযান ও নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বা অবৈধ মজুতদারি বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, ভবিষ্যতে কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে বা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করে, তবে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়। মূলত বিভিন্ন মাধ্যমে মজুতদারির অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই সতর্কতামূলক বার্তা প্রদান করে।