সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার অনুষ্ঠিত

মোঃ আব্দুর রাজ্জাক

মার্চ ১২, ২০২৬, ০৯:৩০ পিএম

দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার অনুষ্ঠিত

শিক্ষকদের ইফতার মাহফিল :ছবি-দিনাজপুর টিভি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে দিনাজপুর শহরের বালুবাড়িস্থ গ্রিন ভিউ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে জেলার ১৩টি উপজেলা শাখা কমিটির শিক্ষক ও নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। 

শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক। তিনি তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের সামাজিক মর্যাদার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইফতার ও দোয়া মাহফিল কমিটির আহবায়ক মো. মেরাজুল ইসলাম মেরাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ জামান এবং আফরোজ জেসমিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পিটিআই-এর অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ফণি ভূষণ রায়। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতারের আগে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাতে উপস্থিত সকল শিক্ষা কর্মকর্তা, শিক্ষক এবং তাদের পরিবারবর্গের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরই শিক্ষকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এই ধরণের আয়োজন করা হয়। এবারের আয়োজনে জেলার সকল উপজেলার শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।