মার্চ ১২, ২০২৬, ১০:৫৯ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সদর, বিরল ও চিরিরবন্দর উপজেলার উপস্থিত সদস্যদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান। তিনি আনুষ্ঠানিকভাবে এই উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং উপস্থিত সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে দাঁড়াতে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সরকারের বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়নেও তাদের অবদান অনস্বীকার্য। ঈদের এই উপহার মূলত তাদের কর্মের প্রতি সম্মান ও ভালোবাসার একটি ক্ষুদ্র প্রতীক।
তিনি আরও বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সবসময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তারা একইভাবে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করে যাবে। বিতরণকৃত উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ১ কেজি পোলাও চাল, ৪০০ গ্রাম সাধারণ সেমাই, ৪০০ গ্রাম লাচ্ছা সেমাই, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম চিনি, ৩০০ গ্রাম মুড়ি, আধা কেজি ডাল এবং ১ লিটার সয়াবিন তেল। লোগো সম্বলিত শপিং ব্যাগসহ এই উপহার সামগ্রীর মোট মূল্য ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৫ টাকা।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সম্মিলিত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। ঈদ উপহার পেয়ে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আগামী দিনেও দেশের সেবা ও জনকল্যাণে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন