মার্চ ১৩, ২০২৬, ০২:৫৫ পিএম
আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের বীরগঞ্জ ও কাহারোল সফর এবং উন্নয়নমূলক কর্মসূচি উদ্বোধন সফল করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে বীরগঞ্জ উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
মূলত কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় প্রধানমন্ত্রীর প্রস্তাবিত খাল খনন কার্যক্রম উদ্বোধন কর্মসূচিকে ঘিরে এই সাংগঠনিক সভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল। সভায় বক্তারা প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার কথা উল্লেখ করেন এবং জনসভা ও উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ মার্চের কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সকল প্রকার সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। বিশেষ করে সাহাপাড়া এলাকায় খাল খনন প্রকল্পের উদ্বোধন এলাকার কৃষিখাতে নতুন বিপ্লব বয়ে আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবক বাহিনীও তৎপর থাকবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তুতি সভায় বীরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূলের প্রতিটি কর্মীকে প্রধানমন্ত্রীর আগমনী বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। আগামী ১৬ মার্চের এই ঐতিহাসিক কর্মসূচি সফল করার মধ্য দিয়ে বীরগঞ্জ ও কাহারোল এলাকার উন্নয়নের ধারা আরও বেগবান হবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন