মার্চ ১৭, ২০২৬, ০৭:০৬ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন। এছাড়াও অতিরিক্ত কৃষি অফিসার রাকিবুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হায়দার আলীসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১ হাজার ৫০ জন আউশ ধান চাষি এবং ২ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক পাট চাষির মাঝে পর্যায়ক্রমে এই উপকরণগুলো বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে উপজেলার ১০টি ইউনিয়নের ১ হাজার ২০০ জন কৃষকের হাতে উন্নত মানের বীজ ও সার তুলে দেওয়া হয়।প্রণোদনা হিসেবে প্রতি কৃষককে ৫ কেজি আউশ ধান অথবা ১ কেজি পাট বীজের পাশাপাশি ১০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হচ্ছে।
যার মধ্যে ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, খরিপ মৌসুমে আগাম গ্রীষ্মকালীন আউশ আবাদ এবং পাটের উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে এই উপকরণগুলো হাতে পেয়ে কৃষকরাও সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, বর্তমান সময়ে সার ও বীজের দাম বাড়ায় সরকারি এই সহযোগিতা তাদের চাষাবাদে অনেক সহায়তা করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন