রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে ১২০ দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ আরিফ ইসলাম

মার্চ ১৯, ২০২৬, ১২:১৯ এএম

বীরগঞ্জে ১২০ দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদ উপহার বিতরণ কর্মসূচি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২০টি অসহায় ও দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাতে বিশেষ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ১৮ মার্চ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‍‍`ভোরের শিশির বেতার শ্রোতা ক্লাব‍‍`-এর উদ্যোগে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। আসন্ন উৎসবের আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে খাদ্যসামগ্রী বিতরণের এই কর্মসূচিটি বীরগঞ্জের সুশীল সমাজের প্রশংসা কুড়িয়েছে। 

বিতরণ অনুষ্ঠানে উপহার হিসেবে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম। 

তিনি তার বক্তব্যে বলেন যে এ ধরনের উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান যাতে তারা এই পবিত্র রমজান মাসে এবং ঈদের আনন্দ ভাগ করে নিতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন। 

এ সময় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিপ্লব আরমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন যারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।উপহার সামগ্রী গ্রহণ করতে আসা পরিবারগুলো এই সময়ে সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে ঈদের আগে খাদ্যসামগ্রী পেয়ে তাদের বড় একটি দুশ্চিন্তা লাঘব হয়েছে। 

ভোরের শিশির বেতার শ্রোতা ক্লাবের সদস্যরা জানান যে তারা প্রতি বছরই বীরগঞ্জের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের সেবায় কাজ করে আসছেন এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদকে সামনে রেখে এ ধরনের মানবিক সহায়তা নিম্ন আয়ের মানুষের উৎসব উদযাপনের পথকে সুগম করবে বলে আশা করছেন স্থানীয়রা। পুরো কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।