মার্চ ১৯, ২০২৬, ০৮:৫৬ পিএম
দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নাগরিক ফোরামের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবীণ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের মুন্সিপাড়াস্থ আফতাব প্লাজার শহীদ আসাদুল্লাহ সড়কস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসন্ন উৎসবের আমেজ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই সংগঠনের পক্ষ থেকে এই মানবিক প্রয়াস গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ফোরাম দিনাজপুরের সভাপতি ডা. শহিদুল্লাহ।
স্বাগত বক্তব্যে ফোরামের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম সংগঠনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ঈদ উপহার হিসেবে প্রবীণ ও অসহায় নারী-পুরুষের হাতে সেমাই, চিনি, দুধ ও প্রয়োজনীয় মসলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সভাপতির বক্তব্যে ডা. শহিদুল্লাহ বলেন, নাগরিক ফোরাম প্রতি বছরই প্রবীণ, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়ানোর চেষ্টা করে।
কেবল ঈদ উপহার নয়, করোনাকালীন সচেতনতা বৃদ্ধিসহ যেকোনো সামাজিক সংকটে সাধারণ মানুষের কল্যাণে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে।বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন করিব, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার নূর ইসলাম তুষার, শেখ আব্দুর রশিদ তোতা, আব্দুল কাইয়ুম বাচ্চু এবং দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
তারা সমাজের বিত্তবানদের প্রতি যার যার অবস্থান থেকে দুস্থদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। উপহার বিতরণ শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে উপস্থিত সবার অংশগ্রহণে একটি ইফতার মাহফিলের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন