মার্চ ২৮, ২০২৬, ০৭:২৫ পিএম
দিনাজপুরের বিরলে জ্বালানি তেলের অবৈধ মজুত ও মাদক সেবনের দায়ে পৃথক অভিযানে চার ব্যক্তিকে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নে বিশেষ এই অভিযান দুটি পরিচালিত হয়। অভিযানে সাড়ে ৫২ লিটার পেট্রোল জব্দ করার পাশাপাশি এক মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।প্রথম অভিযানে ধর্মপুর ইউনিয়নের মীরাপাড়া গ্রাম থেকে সাড়ে ৫২ লিটার জ্বালানি তেল বা পেট্রোল জব্দ করা হয়।
এ সময় অবৈধভাবে পেট্রোলিয়ামজাত পণ্য মজুত ও পরিবহনের দায়ে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী মাহিনুর ইসলাম নামের এক ব্যক্তিকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মাহিনুর ইসলাম পার্বতীপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের নুরুজ্জামাল মানিকের ছেলে।
একই ঘটনায় জড়িত থাকার দায়ে ধর্মজইন গ্রামের জাহাঙ্গীর আলমকে ৩ হাজার টাকা এবং পার্বতীপুরের ইয়ানুর সিয়ামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেলগুলো তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয় এবং বিক্রিলব্ধ ৬ হাজার ৯০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।অন্যদিকে পৃথক আরেকটি অভিযানে মীরাপাড়া গ্রাম থেকে মো. মামুন নামে এক ব্যক্তিকে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। মামুন মীরাপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। সাজা প্রদানের পর অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
কোনো অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে, সে জন্য তদারকি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের একটি দল এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন