বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ১০:৩১ পিএম

দিনাজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন

পুলিশ নিয়োগের শারীরিক পরীক্ষা

দিনাজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষে শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইকরণের প্রথম দিনের কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে সম্পন্ন হয়েছে। ‘সেবার ব্রতে চাকরি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে শনিবার ১৮ এপ্রিল দিনাজপুর পুলিশ লাইনস মাঠে ফেব্রুয়ারি-২০২৬ সেশনের এই নিয়োগ কার্যক্রম শুরু হয়। 

নিয়োগ বোর্ডের সভাপতি ও দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম-এর সরাসরি তদারকিতে সকাল থেকেই প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাইয়ের কাজ শুরু হয়।

নিয়োগ কার্যক্রমের শুরুতেই পুলিশ সুপার উপস্থিত পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেন যে, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা, দক্ষতা এবং শারীরিক যোগ্যতার মাপকাঠিতে। 

যোগ্যতার বাইরে অন্য কোনো উপায়ে নিয়োগ পাওয়ার কোনো সুযোগ নেই। এ সময় তিনি কোনো প্রকার প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে না পড়ার জন্য প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান। দালালের খপ্পরে পড়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য তিনি সকলকে কড়া হুঁশিয়ারি প্রদান করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দিনের এই বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের উচ্চতা, ওজন এবং বুকের মাপসহ শারীরিক সক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। 

এর পাশাপাশি প্রার্থীরা অনলাইনে আবেদনের সময় যে সব তথ্যাদি প্রদান করেছিলেন, তার সমর্থনে মূল কাগজপত্রগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ ত্রুটিমুক্ত রাখতে প্রতিটি ধাপে আধুনিক প্রযুক্তি ও কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।উক্ত নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ এবং দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশ নেন। 

এ ছাড়া মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে মাঠ পর্যায়ের এই বাছাই প্রক্রিয়া আরও কয়েক দিন চলবে বলে জানা গেছে। যোগ্য প্রার্থীদের মধ্য থেকে দক্ষ পুলিশ বাহিনী গঠনের এই প্রচেষ্টা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এমন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত দেশপ্রেমিক ও যোগ্য তরুণরাই পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পাবেন।