এপ্রিল ২২, ২০২৬, ০৬:৫০ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শহরে জনসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে মঙ্গলবার বিকেলে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি পরিচালনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন। সেই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা তাঁর সঙ্গে ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে অবহেলার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় বীরগঞ্জ পৌর শহরের সেতাবগঞ্জ রোডে অবস্থিত জনসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অপর প্রতিষ্ঠান ফেমাস ডায়াগনস্টিক সেন্টারের মালিককেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার পাশাপাশি জনসেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে, ফেমাস ডায়াগনস্টিক সেন্টারকে স্থায়ী ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের পাশাপাশি বিদ্যমান সব ত্রুটি দ্রুত সংশোধনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন সাংবাদিকদের জানান, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। সেবার মান ঠিক রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, অভিযানকালে প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটারে আলোর স্বল্পতা এবং যন্ত্রপাতি সঠিক প্রক্রিয়ায় জীবাণুমুক্ত না করাসহ বিভিন্ন ত্রুটি ধরা পড়েছে। তিনি আরও বলেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। জনস্বার্থে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবু বক্কর সিদ্দিক এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন-অর-রশিদসহ পুলিশের একটি দল অভিযানে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত তদারকি থাকলে ক্লিনিক মালিকরা সেবার মান বাড়াতে বাধ্য হবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন