মে ৩, ২০২৬, ০২:১৮ পিএম
দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, শিল্প ও সাংস্কৃতিক চর্চায় ড্রইং স্কুল দিনাজপুরের মতো একটি মানবিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা সত্যিই বিরল। তিনি এই প্রতিষ্ঠানটিকে তাঁর আবেগের জায়গা হিসেবে উল্লেখ করে বলেন, ১৪ বছর আগে তাঁর হাত দিয়েই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল, যা বর্তমানে গর্বের ও আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রোববার (৩ মে) ড্রইং স্কুল দিনাজপুরের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সৈয়দ জাহাঙ্গীর আলম আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে এবং প্রশাসনিকভাবে এই প্রতিষ্ঠান ও তাদের সকল মানবিক কাজের পাশে থাকবেন।
ড্রইং স্কুল দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, যুব উন্নয়নের মামুন হাসান চৌধুরী, সমাজসেবক ও নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান রুপম এবং মঞ্জুরুল ইসলাম মঞ্জুর। এ ছাড়াও উপস্থিত ছিলেন ড. আব্দুর রাজ্জাক, সাইফুজ্জামান, ডা. হাসানুজ্জামান রতন এবং ড. সৈয়দ রেদোয়ান টিটোসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে চিত্রকলার প্রয়োজনীয় উপকরণ তুলে দেন। সভাপতির বক্তব্যে স্কুলের নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা বলেন, সবার সহযোগিতায় তিনি এই প্রতিষ্ঠানটিকে আগলে রেখেছেন। চিত্রকলা চর্চার পাশাপাশি এই প্রতিষ্ঠানের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন