সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ ও দুর্নীতি বিরোধী কর্মশালা

মো: মামুনুর রশিদ

মে ৬, ২০২৬, ০৬:১৭ পিএম

দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ ও দুর্নীতি বিরোধী কর্মশালা

ছবি-দিনাজপুর টিভি

দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে দিনাজপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) দিনাজপুর দুদক কার্যালয়ের অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।

রংপুর বিভাগের দুদকের পরিচালক মো. নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। দিনাজপুর দুদক কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান সরকারের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পাশাপাশি উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল ইসলাম বলেন, সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উল্লেখ করেন, দুদক বর্তমানে দেশের সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। যেখানেই অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে, সেখানেই তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুদকের এই কর্মকর্তা আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর ও শুভ সংঘ গঠনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতা গড়ে তোলার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রমগুলো মাঠপর্যায়ে তদারকি ও বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলো সরাসরি কাজ করছে। তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে কমিটির সদস্যদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে দুদকের কর্মকর্তা ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত ফটোসেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।