রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশীয় সম্পদ অবহেলা করে আমদানিনির্ভর ছিল ফ্যাসিস্ট সরকার: বিদ্যুৎমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১২, ২০২৬, ০৩:২৮ পিএম

দেশীয় সম্পদ অবহেলা করে আমদানিনির্ভর ছিল ফ্যাসিস্ট সরকার: বিদ্যুৎমন্ত্রী

বড়পুকুরিয়ায় বিদ্যুৎমন্ত্রী

দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এ দেশ শাসন করেছে; তারা দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

এর আগে মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য এবং কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় দেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি এবং নিজস্ব খনিজ সম্পদের সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিদ্যুৎমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তারা দেশের নিজস্ব সম্পদ আহরণের ওপর জোর দিচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, নিজেদের জ্বালানি সম্পদ থাকতে কেন বিদেশ থেকে তা আমদানি করতে হবে। মূলত নিজস্ব জ্বালানি কাজে লাগিয়েই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, কেন্দ্রটির তিনটি ইউনিটই একসাথে চালানোর জন্য প্রয়োজনীয় চেষ্টা চলছে। বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কেন পুরোপুরি উৎপাদনে যেতে পারছে না, সে বিষয়েও তিনি কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।মতবিনিময় সভায় সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

তিন মন্ত্রীই দিনাজপুরের এই গুরুত্বপূর্ণ খনিজ এলাকাগুলোতে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।বৈঠক শেষে মন্ত্রী মহোদয়গণ মধ্যপাড়া পাথর খনি এবং বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। সেখানে দায়িত্বরত প্রকৌশলী ও কর্মকর্তাদের সাথে কথা বলে উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বিদ্যমান কারিগরি ও প্রশাসনিক বাধাগুলো চিহ্নিত করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।