বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে ১৩০ আনসার সদস্যের প্রাণ-আরএফএল-এ চাকরি

মোঃ নুর ইসলাম

মে ১২, ২০২৬, ১১:৫৩ পিএম

দিনাজপুরে ১৩০ আনসার সদস্যের প্রাণ-আরএফএল-এ চাকরি

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরে এক বিশাল সাফল্য অর্জিত হয়েছে। জেলা আনসার ও ভিডিপি’র আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত ১৩০ জন সদস্যের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয়ে আয়োজিত এক বিশেষ জব ফেয়ার বা চাকরি মেলায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের এইচআর প্রতিনিধি ও সহকারী ম্যানেজার উপস্থিত থেকে প্রার্থীদের বাছাই করেন।

প্রশিক্ষণ কেন্দ্রটি থেকে বিভিন্ন ট্রেডে দক্ষ সদস্যদের মধ্য থেকে মোট ১৩০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ওয়েল্ডিং (৬জি) ট্রেডে ৪৩ জন, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং (RAC) ট্রেডে ৪০ জন, অটোমোটিভ মেকানিক্স ৪০ জন এবং মোটর ড্রাইভিংয়ে ৭ জন রয়েছেন। নির্বাচিত সদস্যরা আগামী মাসেই সহকারী অপারেটর, সহকারী টেকনিশিয়ান, ড্রাইভার এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে প্রাণ-আরএফএল গ্রুপে যোগদান করবেন।

চাকরিপ্রাপ্ত সদস্যরা জানান, বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে ‘ওয়েল্ডিং ৬জি’-এর মতো আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ চালু করায় তাদের এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রশিক্ষণ শেষে দ্রুত চাকরির নিশ্চয়তা পাওয়ায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান এই সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কেবল আইনশৃঙ্খলা রক্ষায় নয়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতেও কাজ করছে। আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো বেকারত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় আজ ১৩০ জন সদস্যের বড় একটি কর্মসংস্থান নিশ্চিত হলো।"

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সর্বমোট ১৫২ জনের চাকরির ব্যবস্থা করা হয়েছে। জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামানের ব্যক্তিগত আন্তরিক প্রচেষ্টা এবং সঠিক দিকনির্দেশনায় সদস্যদের এই বিশাল কর্মসংস্থান সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।