রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জের বাগানে লাল আভা, পাকতে শুরু করেছে লিচু

মোঃ আরিফ ইসলাম

মে ১৩, ২০২৬, ০২:৫৩ পিএম

বীরগঞ্জের বাগানে লাল আভা, পাকতে শুরু করেছে লিচু

বীরগঞ্জের বাগানে লাল হচ্ছে লিচু

দিনাজপুরের বীরগঞ্জে পাকতে শুরু করেছে সুস্বাদু ও রসালো লিচু। উপজেলার বিভিন্ন এলাকার লিচু বাগানে এখন লালচে আভায় ভরা থোকা থোকা লিচুর দেখা মিলছে। বিশেষ করে আগাম জাতের লিচু পাকা শুরু হওয়ায় বাগান মালিক ও চাষিদের মাঝে আনন্দের সুবাতাস বইছে।

উপজেলার পাল্টাপুর, শতগ্রাম, মোহনপুর, নিজপাড়া ও ভোগনগর এলাকার বাগানগুলোতে বর্তমানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে মাদ্রাজি, বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু। এর মধ্যে মাদ্রাজি ও বোম্বাই জাতের লিচু আগাম পাকতে শুরু করেছে। অনেক বাগান মালিক ইতোমধ্যে লিচু সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন।

আইজুর রহমান নামে বীরগঞ্জের এক লিচু চাষি জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় গাছে ভালো ফলন এসেছে। সময়মতো বৃষ্টি ও পর্যাপ্ত রোদ পাওয়ায় লিচুর আকার ও স্বাদও ভালো হয়েছে। তবে শেষ সময়ে ঝড় বা শিলাবৃষ্টি না হলে আরও ভালো দামে লিচু বিক্রি করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

বীরগঞ্জের বিভিন্ন হাট-বাজারে আগামী এক সপ্তাহের মধ্যেই পুরোদমে লিচু বিক্রি শুরু হবে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। বর্তমানে প্রতিদিন সকাল থেকে বাগানে শ্রমিকরা লিচু পরিচর্যা ও সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন। লিচুর ভালো বাজারদর পাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের মতে, বীরগঞ্জের লিচুর স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় প্রতিবছর দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এখানে লিচু কিনতে আসেন। রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে এই লিচুর ব্যাপক চাহিদা থাকে। বাগানগুলো থেকে লিচু সরাসরি সংগ্রহ করে ট্রাকযোগে পাঠানো হয় দেশের নানা প্রান্তে।