সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শিশু ও মায়ের সেবায় অরবিন্দ হাসপাতাল হবে মডেল: মোফাজ্জল হোসেন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৪:০১ পিএম

শিশু ও মায়ের সেবায় অরবিন্দ হাসপাতাল হবে মডেল: মোফাজ্জল হোসেন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালকে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় বাংলাদেশের মধ্যে একটি মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল। বুধবার (১৩ মে) হাসপাতাল পরিদর্শনকালে কার্যনির্বাহী পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, অরবিন্দ শিশু হাসপাতাল যেভাবে শিশু ও মায়ের স্বাস্থ্যসেবা দিয়ে সুনাম অর্জন করেছে, সেই ধারা অব্যাহত রেখে একে একটি মডেল হাসপাতাল হিসেবে দেখতে চাই। বেসরকারিভাবে গড়ে ওঠা এই বিশাল প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং হাসপাতালের চলমান কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক মো. শামীম কবির। শামীম কবির তাঁর বক্তব্যে জানান, বর্তমানে হাসপাতালে অনেক আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি আনা হয়েছে, যার ফলে শিশুদের উন্নত চিকিৎসার জন্য আর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।

হাসপাতালের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে সাধারণ সম্পাদক আরও বলেন, হাসপাতালের ৬ষ্ঠ ও ৭ম তলার নির্মাণ কাজ ইতোমধ্যে তিনভাগের একভাগ সম্পন্ন হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক অনুদান পেলে দ্রুততম সময়ের মধ্যে এই নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মো. শহিদুর ইসলাম খান (শাহীন খান), শিক্ষা, তথ্য ও যোগাযোগ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী রানা এবং নির্বাহী সদস্য শেখ আব্দুর রশিদ তোতাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।