সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পশুর ভালো দাম পাওয়ার আশায় ঘোড়াঘাটের খামারিরা

নিজস্ব প্রতিবেদক

মে ১৬, ২০২৬, ১১:৩৭ পিএম

পশুর ভালো দাম পাওয়ার আশায় ঘোড়াঘাটের খামারিরা

ছবি-দিনাজপুর টিভি

ঈদুল আজহা সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ৪ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬৫৪টি ছোট বড় খামারে প্রায় ৭২৪৮টি পশু ও গৃহস্থ পরিবারে আনুমানিক ৮ হাজার কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের দেওয়া তথ্যমতে, কোরবানির জন্য খামার পর্যায়ে এবার ৭২৪৮টি পশু প্রস্তুত করা হয়েছে। 

এর মধ্যে ষাঁড় ১৫০৫, বলদ ৮০৩, গাভি ২৪০৮টি, মহিষ ২টি, ছাগল ৩৫৬০ ও ভেড়া ৭০টি এবং গৃহস্থ পরিবারে আরও আনুমানিক ৮ হাজার কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। এ উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৬৫০০টি, তথ্য অনুযায়ী স্থানীয় চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে প্রায় ৯ হাজার পশু। 

ভালো দামের আশায় কোরবানির বাজার লক্ষ্য রেখে এসব পশু যত্ন সহকারে লালন-পালন করছেন খামারিরা। বর্তমানে খামারিরা তাদের গরু পরিচর্যা ও মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন। 

প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খৈল, কুটা, দানাদার খাদ্য ও দেশীয় স্বাস্থ্যসম্মত খাবারের মাধ্যমে গরুসহ পশুগুলোকে হৃষ্টপুষ্ট করার কাজে „সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন খামারিরা। এদিকে গরুর খামারিরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার গোখাদ্যের দাম অনেক বেশি হওয়ায় পশু পালন ব্যয় বেড়েছে। খড়, ভুসি ও বিভিন্ন ধরনের কনসেনট্রেট ফিডের দাম বাড়ায় অনেক খামারি লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন। 

তারপরও ঈদুল আজহাকে সামনে রেখে তারা আশা করছেন, বাজারে পশুর ভালো দাম পাবেন। উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকার খামারি ইমরান নাজির বাপ্পী বলেন, প্রথমের দিকে গরুর ক্রেতা তেমন না মিললেও বর্তমানে গরুর বাজারে ক্রেতা বাড়তে শুরু করেছে। বাজারে বিভিন্ন আকার ও দামের গরু উঠছে, আর ভালো দাম পাওয়ার আশায় খামারিরা এখন বেশ আশাবাদী।