মে ১৯, ২০২৬, ০৫:৩০ পিএম
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে দিনাজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের কাঞ্চন-১ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: রফিকুল ইসলাম।প্রেস ব্রিফিংয়ে সরকারের ইশতেহারের আলোকে দেশব্যাপী নানামুখী জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।
ঘোষিত ইশতেহার অনুযায়ী মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য গাড়ি এবং দেশব্যাপী বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী খাল খনন কর্মসূচির সূচনা করা হয়েছে।
এর আগে গত ১০ মার্চ ঢাকার কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ১৪ এপ্রিল টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধনের মাধ্যমে এই ইশতেহার বাস্তবায়নের মূল অগ্রযাত্রা শুরু হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে দেশের জেলা ও উপজেলা তথ্য অফিসসমূহ এই কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে।প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত দেশজুড়ে ১০২১টি উঠান বৈঠক ও কমিউনিটি সভা, ২০২টি নারী সমাবেশ, ১১০৬০টি টিভিসি প্রদর্শনী এবং ১৪টি কৃষক সমাবেশ করা হয়েছে। ব্রিফিংয়ে সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ‘কৃষক কার্ড’-এর বিস্তারিত সুফল তুলে ধরে বলা হয় যে এটি মূলত একটি ডিজিটাল ডাটাবেজ সম্বলিত স্মার্ট কার্ড।
এর মাধ্যমে প্রকৃত কৃষকদের সনাক্ত করে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সরকারি আর্থিক অনুদান, ভর্তুকি এবং সোনালী ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে দ্রুততম সময়ে ঋণ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এর ফলে গ্রামগঞ্জের দালালদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ হবে এবং কৃষকেরা প্রকৃত পেশাজীবী হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা পাবেন।অনুষ্ঠানে নিজ জেলার উন্নয়ন ও ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: সিদ্দিকুর জামান নয়ন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুল মতিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো: রিয়াজ উদ্দিন।
জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সরকারের এই উন্নয়নমূলক ও কল্যাণকামী উদ্যোগগুলোকে সাধারণ মানুষের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য জেলার কর্মরত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এরপর উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা জেলা ও স্থানীয় উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন