জুন ৭, ২০২৬, ১১:৪৮ এএম
আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।জনদুর্ভোগ বাড়ছে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা, লবণাক্ততা ও প্লাস্টিক দূষণের মতো সমস্যা প্রকট হচ্ছে। এসব কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, যা সাধারণ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলে দিচ্ছে।
খাল-বিল, নদী, পুকুর ও অন্যান্য প্রাকৃতিক জলাশয় জলবায়ু সহনশীলতা গড়ে তোলার প্রাকৃতিক অবলম্বন। কিন্তু অবৈধ দখল ও ভরাটের কারণে এসব জলাশয়ের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বৃষ্টির পানি ধারণ ও সংরক্ষণের সক্ষমতা দিন দিন কমে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতার ঘাটতি এখনো রয়েছে। বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ সরকারি প্রতিষ্ঠানগুলোর পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধকতা, সুশাসনের ঘাটতি এবং অনিয়ম-দুর্নীতির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সরকার, নাগরিক সমাজ এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের সভাপতি অধ্যাপক জলিল আহমেদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক বিধান চন্দ্র রায়, অ্যাডভোকেট সরজ গোপাল রায় এবং সনাকের সমন্বয়ক আব্দুল হান্নান আজাদ। মানববন্ধনে সনাকের সদস্য এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন