রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শৈশব গড়তে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই মনিমেলার অনুষ্ঠানে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

জুন ৭, ২০২৬, ০৬:৫০ পিএম

শৈশব গড়তে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই মনিমেলার অনুষ্ঠানে বক্তারা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে সৃজনশীল সংগঠন ‘মনিমেলা’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাপনী অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্‌যাপন করা হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার রাতে অনুষ্ঠানটি শেষ হয়।পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে প্রতিযোগীদের মাঝে।

মনিমেলার সভাপতি ও কবি ইয়াসমিন আরা রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক নূর মতিন সৈকত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মনতোষ কুমার দে। গল্প শোনা ও কাগজ কেটে নকশা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে তিনি পুরস্কার তুলে দেন।

অধ্যাপক মনতোষ কুমার দে বলেন, শৈশব শক্তিময়। একে সঠিকভাবে গড়তে না পারলে ভালো মানুষ হওয়া সম্ভব নয়। আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, কবি ও সাহিত্যিক জলিল আহমেদ, কণ্ঠশিল্পী মকশেদ আলীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিরা অংশগ্রহণকারী সবার হাতে সনদ তুলে দেন।সাংস্কৃতিক পর্বে শিল্পীরা লালনগীতি, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও হাসন রাজার গান পরিবেশন করেন। 

সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আসা শিল্পী তাজমিলুর রহমান আবু, ডিকেএম শান্ত ও এটিএম জাহাঙ্গীর। বাদ্যযন্ত্রে সহযোগিতায় ছিলেন রানা পণ্ডিত ও পলাশ দাস।সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আগামী প্রজন্মের মাঝে ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। সংগঠনের পক্ষ থেকে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।