শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলকর্মীর

নিজস্ব প্রতিবেদক

জুন ১২, ২০২৬, ১১:২৪ পিএম

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলকর্মীর

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় বিষাদু চন্দ্র হাড়ি (৫৪) নামে এক স্কুলের পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বিষাদু চন্দ্র হাড়ি উপজেলার সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তিনি বজলুক বাগবাড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খয়েরপুকুর হাট থেকে একটি কাঁঠাল কিনে সাইকেলের ক্যারিয়ারে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে হাটের উত্তর পাশে মিল চাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) উজ্জ্বল কুমার মৈত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিষাদু চন্দ্র হাড়ি দীর্ঘদিন ধরে সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। 

সহকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ও কর্মনিষ্ঠ একজন ব্যক্তি।তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।