জুন ১৭, ২০২৬, ০১:৫৩ পিএম
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আন্ধারমুহা এলাকার বাসিন্দা আব্দুর রহমান নাহিদ তাঁর পৈতৃক জমি জবরদখলের চেষ্টা, হামলা, গৃহ অবরোধ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত এই ভুক্তভোগী লিখিত বক্তব্যে জানান, আকারসূয়া মৌজার দাগ নম্বর ১৪৪২ সহ বিভিন্ন দাগে তাঁদের পরিবারের মালিকানাধীন জমির সব কাগজপত্র সম্পূর্ণ বৈধ।
তাঁর দাদা আতিকুর রহমান ১৯৭৬ সালে সরকারের কাছ থেকে বন্দোবস্ত পাওয়া জমিসহ বিভিন্ন সময়ে দলিলের মাধ্যমে এই সম্পত্তি ক্রয় করেন এবং দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে পরিবারটি তা ভোগদখল করে আসছে।বর্তমানে এই জমি সংক্রান্ত একটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।
আব্দুর রহমান নাহিদ অভিযোগ করেন, গত ৮ জুন সকাল ১১টার দিকে নূর ইসলাম, আফজাল হোসেন ও ইউসুফ আলীসহ ৫০ থেকে ৬০ জনের একটি দল লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের জমিতে প্রবেশ করে জবরদখলের চেষ্টা চালায়। সে সময় বাধা দিতে গেলে তাঁকে, তাঁর মা নাজমা বেগম এবং তাঁর চাচাকে নির্মমভাবে মারধর করা হয়। হামলায় ফসলি জমি, নেপিয়ার ঘাস, কলাগাছ, ফলজ গাছ ও পুকুরের মাছ নষ্ট করে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে তিনি দাবি করেন। এই ঘটনার পর স্থানীয় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
এরই ধারাবাহিকতায় গত ১৬ জুন দুপুরে অভিযুক্তরা পুনরায় তাঁদের বাড়ির মূল ফটক বন্ধ করে পরিবারটিকে অবরুদ্ধ করে রাখে এবং কয়েক একর জমিতে জোরপূর্বক হালচাষ চালায়। এ সময় মামলা তুলে না নিলে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী। সিকেডি বা গুরুতর কিডনি রোগে আক্রান্ত এই তরুণ নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দ্রুত মামলা গ্রহণ ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সাথে সহকারী কমিশনার বা ভূমি কর্মকর্তার কাছে উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান তিনি। তবে এই বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন