জুন ১৭, ২০২৬, ১১:৪০ পিএম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি পদে নতুন নেতৃত্ব মনোনীত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দিনাজপুর-ছয় আসনের জাতীয় সংসদ সদস্য তথা সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন দায়িত্ব পেয়েছেন।
একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ কমিটির সহ-সভাপতি হিসেবে কোতোয়ালি আসন তথা দিনাজপুর-তিন আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে সরকারিভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে। গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এই মনোনয়নের বিষয়টি নির্দেশক্রমে নিশ্চিত করা হয়েছে।
উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে প্রতিদিন হাজারো রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়ে থাকে।হাসপাতালটির সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এই নতুন কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা যে নতুন এই জ্যেষ্ঠ নেতৃত্বের মাধ্যমে হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি গতিশীল ও বেগবান হবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে চলা জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলার সাধারণ মানুষ উন্নত চিকিৎসার জন্য এই সরকারি হাসপাতালের ওপর সরাসরি নির্ভরশীল হওয়ায় নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও কার্যকর হয়ে উঠবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন