রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে কৃষকদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

জুন ২২, ২০২৬, ০৩:১১ পিএম

দিনাজপুরে কৃষকদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে মাঠ পর্যায়ের সাধারণ কৃষক ও স্থানীয় প্রতিনিধিদের নিয়ে এক বিশেষ পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের হলরুমের এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিল গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন বা গেইন।

রেইনস প্রকল্পের আওতায় ইউনিয়ন মাল্টিসেক্টর প্ল্যাটফর্মের সদস্য ও প্রধান কৃষকদের দক্ষ করে তুলতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার। তিনি বলেন, মানবশরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক বিকাশের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর খাদ্য রাখা আবশ্যক। 

সচেতনতার অভাবেই গ্রামীণ জনগোষ্ঠীর একাংশ পুষ্টিহীনতাজনিত বিভিন্ন শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছে।এই বিশেষ কর্মশালাটি যৌথভাবে পরিচালনা করেন গেইনের প্রকল্প সমন্বয়কারী মো. মাহবুবুল আলম এবং কনসালটেন্ট সুবর্না ইসলাম। প্রশিক্ষণে সুষম খাদ্যাভ্যাস, নিরাপদ উপায়ে শাকসবজি চাষ, কীটনাশকের নিয়ন্ত্রিত ব্যবহার, খাদ্য সংরক্ষণ ও পুষ্টিমান বজায় রেখে রান্নার বৈজ্ঞানিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

এ সময় ফাজিলপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. আজিজার রহমান এবং সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম পুষ্টি সচেতন সমাজ গঠনের তাগিদ দেন।দিনব্যাপী এই পুষ্টি বিষয়ক কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, ইমাম এবং স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গ্রামীণ পর্যায়ে উৎপাদন বৈচিত্র্য বৃদ্ধি এবং পুষ্টির মানোন্নয়নে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।