রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন কাল

নিজস্ব প্রতিবেদক

জুন ২৪, ২০২৬, ১০:৪০ পিএম

দিনাজপুর আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন কাল

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল ২৫ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই একটানা ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন সূত্রে নিশ্চিত করা হয়েছে।এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মোঃ আতিয়ার রহমান।

তাঁকে সহযোগিতা করবেন সহকারী নির্বাচন কমিশনার মাহফুজার রহমান। এবারের নির্বাচনে বিভিন্ন পদের জন্য মোট ২৩ জন প্রার্থী অংশ নেওয়ার কথা থাকলেও তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক পদে শ্রী মহাদেব চন্দ্র রায়ের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে অবশিষ্ট পদগুলোতে সর্বমোট ২২ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪৩৫ জন মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৪১৯ জন এবং নারী ভোটারের সংখ্যা ১৬ জন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সভাপতি পদে মোঃ ইয়াকুব আলী ফকির, মোঃ মজিবর রহমান সরকার ও মোঃ আব্দুল মতিন মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন ও মোঃ ওমর ফারুক রিপন লড়ছেন। এছাড়া সহ-সভাপতি পদে তিনজন, সহ-সাধারণ সম্পাদক পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে দুজন, ধর্ম ও সমাজকল্যাণ পদে দুজন, দপ্তর সম্পাদক পদে দুজন এবং সদস্য পদে পাঁচজন প্রার্থী মাঠে রয়েছেন। উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে ভোট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।