জুন ২৭, ২০২৬, ০৪:৫২ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মুকুন্দপুর শ্মশান ঘাটের পূর্ব পাশে ঢেপা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ছাত্রের নাম মোহাম্মদ আল ইমরান, যার বয়স ১৫ বছর। সে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কালিগাঁও গ্রামের মোহাম্মদ আনারুল ইসলামের ছেলে।
ইমরান কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়ার মুকুন্দপুর দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।তাকে উদ্ধারে চেষ্টা চলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে চারজন ছাত্র নদীর পাড়ে খেলার উদ্দেশ্যে গিয়েছিল। একপর্যায়ে আল ইমরান সাঁতার কাটার জন্য নদীতে নামলে প্রবল স্রোতের কারণে তলিয়ে যায়।
সেখানে উপস্থিত অন্য ছাত্ররা তাৎক্ষণিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দিলে তারা কাহারোল ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে রংপুর থেকে একটি বিশেষ ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে অংশ নিলেও দিন শেষে তার কোনো সন্ধান মেলেনি।
নদীতে অতিরিক্ত স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। কাহারোল ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম জানান, নিখোঁজ ছাত্রকে খুঁজে বের করার জন্য সব ধরনের চেষ্টা চালানো হয়েছে। তবে নদীতে পানির গতি তীব্র হওয়ায় উদ্ধার কার্যক্রম সফল করা সম্ভব হয়নি। ঘটনার পর কাহারোল বোঁচাগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান এবং কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিমুর রহমান সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন