জুন ২৭, ২০২৬, ০৫:৫৯ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাইকেল র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "বিশ্ব মাদক সমস্যা: বিদ্যমান সমস্যা, নতুন উদ্ভাবনী প্রতিক্রিয়া" প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি সংস্থা বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। শনিবার সকালে উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে বীরগঞ্জ উপজেলা চত্বরে এসে এই র্যালিটি শেষ হয়।
শিক্ষার্থীরা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করে।উপদেশের ৭টি বিদ্যালয়ের মোট ১৫০ জন শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়। পুরো পথজুড়ে শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান প্রদর্শন ও উচ্চারণের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, সংস্থার কর্মকর্তা ও ভলান্টিয়ারদের অংশগ্রহণে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের মাধ্যমে মাদকের ভয়াবহতা ও যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে একটি সুস্থ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নসের বীরগঞ্জ প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম এবং আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব। অনুষ্ঠানটি সামগ্রিকভাবে সঞ্চালনা করেন সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার মো. মজিদুল ইসলাম বাবু।
সভায় যুবসমাজকে খেলাধুলা ও পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন