বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে হালের পেছনে মাছ ধরার আনন্দে মেতেছে শিশুরা

মোঃ আরিফ ইসলাম

জুন ৩০, ২০২৬, ০৬:০২ পিএম

বীরগঞ্জে হালের পেছনে মাছ ধরার আনন্দে মেতেছে শিশুরা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে কৃষকের হালের পেছনে দেশীয় মাছ ধরার নির্মল আনন্দে মেতেছে একদল গ্রামীণ শিশু। ৩০ জুন মঙ্গলবার সকালে উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার এই যুগে এমন চিত্র যেন হারিয়ে যেতে বসা শৈশবের গ্রামীণ স্মৃতিকে আবারও জীবন্ত করে তুলেছে।

কাজল গ্রামে গ্রামীণ শৈশবের চিরচেনা রূপ ফিরে এসেছে।গ্রামের বিভিন্ন কৃষিজমিতে দেখা যায়, কৃষকরা যখন লাঙ্গল দিয়ে জমি চাষ করছেন, তখন তাদের পেছনেই ছোট জাল ও প্লাস্টিকের পাত্র হাতে ছুটছে শিশুরা। হালের ফলা দিয়ে মাটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে কাদা থেকে কই, শিং, মাগুর, টেংরা ও পুঁটিসহ বিভিন্ন দেশীয় ছোট মাছ ওপরে উঠে আসছে। আর শিশুরা পরম উচ্ছ্বাসের সঙ্গে সেগুলো ধরে সংগ্রহ করছে।

স্থানীয় বাসিন্দা মো. মুজাহার আলী জানান, বর্ষাকালে হালের পেছনে মাছ ধরার এই দৃশ্য গ্রামবাংলার দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ। তবে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বৃদ্ধি এবং জলাশয়ে দেশীয় মাছের সংখ্যা কমে যাওয়ায় এখন এই দৃশ্য অনেকটাই বিরল হয়ে পড়েছে। বিরল হলেও গ্রামীণ সমাজে এখনো এই আনন্দ টিকে আছে।

মাছ ধরতে আসা শিশুদের কাছে এটি শুধু মাছ ধরা নয়, বরং প্রকৃতির সঙ্গে মিশে থাকার এক অনন্য খেলাধুলা ও শৈশবের অভিজ্ঞতা। কৃষকের মাঠের কাজ আর শিশুদের এই প্রাণবন্ত ছুটে চলা সব মিলিয়ে গ্রামীণ জীবনের এক অপরূপ রূপ ফুটিয়ে তুলেছে। স্থানীয় সচেতন মহলের মতে, দেশীয় মাছের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা এবং গ্রামীণ ঐতিহ্যগুলো ধরে রাখতে সবার সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।