সুবল রায়
জুন ৩০, ২০২৬, ০৮:২২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর জেলার বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অত্যন্ত জনপ্রিয় প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন দীর্ঘ ৩১ বছরের গৌরবময় শিক্ষকতা জীবন থেকে অবসর নিয়েছেন। ৩০ জুন মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর এই বর্ণাঢ্য কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে সফলভাবে হাল ধরেছিলেন।
বিদায়ের ঘণ্টা বাজতেই বিদ্যালয় মাঠে এক অশ্রুসিক্ত ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রিয় শিক্ষকের বিদায়লগ্নে বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং সহকর্মী শিক্ষকেরা কান্নায় ভেঙে পড়েন। হাজারো শিক্ষার্থীর প্রিয় এই অভিভাবকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে উপস্থিত সবাই তাঁর পা ছুঁয়ে সালাম করেন। অবহেলিত এই অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে মহিউদ্দিন স্যার নিজের জীবনের সেরা ৩১টি বছর এই বিদ্যালয়ের পেছনে উৎসর্গ করেছেন এবং তাঁর হাত ধরেই আজ বহু শিক্ষার্থী দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন।
অনুষ্ঠানে নিজের আবেগঘন বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, তিনি শুধু একটি স্কুল প্রতিষ্ঠা করতে চাননি, বরং একদল সৎ ও আদর্শ মানুষ তৈরি করতে চেয়েছিলেন। কর্মক্ষেত্র থেকে বিদায় নিলেও তাঁর প্রাণ সর্বদা এই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ ও ধূলিকণায় পড়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি শিক্ষার্থীদের যেকোনো পরিস্থিতিতে সৎ থাকার এবং দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।