রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৩০, ২০২৬, ১১:৪১ পিএম

বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

দিনাজপুরের বীরগঞ্জে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার উপজেলার সিংড়া আদিবাসী পাড়ায় ভিলেজ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (ভিএসডিএ) উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা।

অনুষ্ঠানের শুরুতে সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রীতিতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।পরবর্তীতে পুলিশ সুপার সেখানে উপস্থিত সাধারণ শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে একটি বিশেষ কেক কাটেন। এর পাশাপাশি তিনি স্থানীয় আদিবাসী তরুণদের অংশগ্রহণে আয়োজিত ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতাও অত্যন্ত আগ্রহের সাথে উপভোগ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের গৌরবময় ইতিহাস ও বীর শহীদদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সমাজে দীর্ঘদিনের পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধাবোধ এবং সকল জাতিগোষ্ঠীর সমঅধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

একই সাথে তিনি গ্রামীণ সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা করাসহ মাদক, বাল্যবিবাহ এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান। জমকালো এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম এবং অতিরিক্ত পুলিশ সুপারওন কুমার সরকার। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাঁওতাল সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন।