জুলাই ২, ২০২৬, ১০:২৭ পিএম
নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।নজরুলের আদর্শ বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
পুলিশ সুপার মো. জেদান আল মুসা তাঁর বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবিই নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, ন্যায়বিচার ও সম্প্রীতির এক অনন্য প্রতীক। কবির সাহিত্য, গান ও দর্শন যুগে যুগে মানুষকে অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করেছে বলে তিনি উল্লেখ করেন। বর্তমান প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় অংশগ্রহণকারী অন্যান্য বক্তারাও কবির কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের চেতনা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনে অনুশীলন করা প্রয়োজন। তরুণ সমাজকে কবির বিদ্রোহী সত্তা থেকে প্রেরণা নেওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নজরুলের গান ও কবিতার সমন্বয়ে মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করেন। দিনাজপুর জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা। যথাযথ মর্যাদায় কবিকে স্মরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন